
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) মাগরিবের নামাজের পর দিরাই পৌর শহরের মধ্যবাজার জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের ছাত্র জনতা এ বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন- উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আকরাম হোসেন অনিক।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ আতাহার আলী, রশিদ চৌধুরী, হাবিবুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও লাগামহীন বর্বরতা সাধারণ মানুষের জীবনে চরম অস্থিরতা সৃষ্টি করছে। এভাবে আর চলতে দেওয়া যায় না।”
তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।