
সিলেট ২৪ ঘন্টা ডেস্ক ::: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একের পর এক মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট প্রকাশ এবং অপপ্রচার চালানো ও পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সিলেটের আদালতে মামলা দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে গত ৩০ জুন মামলাটি (এয়ারপোর্ট সি.আর মামলা নং ১৪৮/২০২৬) দায়ের করেন সিলেট জেলার জকিগঞ্জের খলাদাপনিয়া গ্রামের আব্দুস শুকুরের ছেলে জাহাঙ্গীর আলম রিপন (৩২)। জাহাঙ্গীর বর্তমানে সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল, সাহেবের বাজার এলাকার বাসিন্ধা।
মামলায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজনগর চৌমুহনীর আবুল বারিকের ছেলে মো. সজিব মিয়া (২৯), সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার কর্মখলা, কামালবাজারের ইনতাজ আলীর ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৫৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইনাম (ছৈলা) গ্রামের মহেশ সরকারের ছেলে অনুরঞ্জন সরকার (৩৪)-কে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সজিব মিয়ার বর্তমান ঠিকানা সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা শ্রাবণী এলাকা ও অনুরঞ্জন সরকারের লামাবাজারস্থ কর্ণার প্লাজায়।
দায়ের করা মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৫০০, ৫০৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে এয়ারপোর্ট থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সাথে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী ১৮ আগস্ট।
মামলার অভিযোগপত্রে বাদী জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। বিবাদীদের সঙ্গে পূর্ব থেকে বিভিন্ন বিষয়ে বিরোধ থাকায় তারা দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে আসছেন। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, গত ২১ জুন বিবাদী মো. সজিব মিয়া তাঁর ফেসবুক আইডি থেকে বাদীর ছবি ব্যবহার করে একাধিক পোস্ট প্রকাশ করেন। এসব পোস্টে বাদীকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়ে অবমাননাকর, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয় এবং তাকে হুমকিও দেয়া হয়।
অপরদিকে অভিযোগে উল্লেখ করা হয়েছে- ২২ জুন দ্বিতীয় বিবাদী মোহাম্মদ সিরাজুল ইসলাম তাঁর ফেসবুক আইডি থেকে বাদী জাহাঙ্গীর আলমের ছবি সংযুক্ত করে ধারাবাহিকভাবে একাধিক পোস্ট প্রকাশ করেন। সেখানে বাদীকে নিয়ে বিভিন্ন মানহানিকর ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করেন। এছাড়া বাদীর পারিবারিক বিষয় নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয় এবং তাঁর পরিবারের সঙ্গে সামাজিক সম্পর্ক না রাখার জন্য লোকজনের প্রতি আহ্বান জানানো হয়। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, বাদী জাহাঙ্গীর আলম এসব পোস্টের প্রতিবাদ জানিয়ে মন্তব্য করলে বিবাদী সিরাজুল ইসলাম মেসেঞ্জারে বাদীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে আরও মানহানিকর প্রচারণা চালানোর হুমকি দেন।
তাছাড়া মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৭ জুন বিবাদী অনুরঞ্জন সরকারও তাঁর ফেসবুক আইডি থেকে বাদী জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে একটি পোস্ট করেন। ওই পোস্টে বাদীকে নিয়ে বিভিন্ন অবমাননাকর মন্তব্য করা হয় এবং তাকে যেখানে পাওয়া যাবে সেখানে ‘শিক্ষা দেওয়ার’ আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়।
বাদীর দাবি, ফেসবুকে প্রকাশিত এসব পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে তিনি সামাজিক, পারিবারিক ও রাজনৈতিকভাবে চরমভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এমনকি তাঁর বোনের সম্ভাব্য বিয়ের আলোচনা ভেঙে যায়, যা পরিবারের জন্য বড় ধরনের সামাজিক ও মানসিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
মামলার অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালে গত ২৬ জুন সন্ধ্যায় মুখোশ ও হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি পাঁচটি মোটরসাইকেলযোগে বাদীর বর্তমান বাসার সামনে পৌছে হুমকি দেয় ‘আদালতের আশ্রয় নিলে তাকে খুন ও গুরুতর জখম করা হবে’। এতে বাদী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
বাদী আদালতের কাছে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।