বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

sylhet24hours.com
প্রকাশিত 17 August, Saturday, 2024
বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, বড়লেখা (মৌলভীবাজার)
মৌলভীবাজারের বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু হাসান বাদী হয়ে ২০২৪ সালের ১৫ আগস্ট বড়লেখা থানায় মামলাটি করেন।

মামলায় ইয়াকুবনগর গ্রামের খালই মিয়া চৌধুরীর ছেলে বড়লেখা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী (৫৬) কে ১নং আসামি, ব্রাহ্মণপাড়া (গ্রামতলা) গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ (৫০) কে ২নং আসামি, পাখিয়ালা গ্রামের মৃত নেছার আলীর ছেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর (৫২) কে ৩নং আসামি, উপজেলা চত্বর এলাকার মৃত সামছুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন (৫৫) কে ৪নং আসামি, ব্রাহ্মণপাড়া (গ্রামতলা) গ্রামের মৃত ইলিয়াছ আলীর ছেলে জেলা যুবলীগ সদস্য ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল (৪৫) কে ৫নং আসামি, কাঠালতলী গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনাম উদ্দিন (৪৮) কে ৬নং আসামি, মুছেগুল গ্রামের নূর আহমদের ছেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ (৩০) কে ৭নং আসামি, মোল্লাপাড়া-গ্রামতলা এলাকার আব্দুল ওহাব বলুর ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ (৩২) কে ৮নং আসামি, রসগ্রাম গ্রামের আব্দুল বাছিত সেলিমের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক অফিস সেক্রেটারি নাহিদ আহমদ জাফরান (২৪) কে ৯নং আসামি, পানিধার গ্রামের আব্দুল মুমিনের ছেলে উপজেলা যুবলীগের সহসভাপতি ও আইনজীবী জিল্লুর রহমান (৪০) কে ১০নং আসামি, মহুবন্দ গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে উপজেলা যুবলীগ নেতা রেহান পারভেজ রিপন (৩০) কে ১১নং আসামি, উপজেলা চত্বর এলাকার মৃত তোতা মিয়ার ছেলে যুবলীগ নেতা মুমিনুল হক টনি (৪২) কে ১২নং আসামি এবং গ্রামতলা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি এমরান আহমদ (৩০) কে ১৩নং আসামি করে মোট ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে অন্তত ৭০ থেকে ৮০ জনকে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সকল স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন