রাজনৈতিক প্রতিহিংসার জের কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

sylhet24hours.com
প্রকাশিত 14 February, Saturday, 2026
রাজনৈতিক প্রতিহিংসার জের কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামে প্রবাসী ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ভাঙচুর

মৌলভীবাজার প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কুলাউড়া ইউনিয়নে প্রবাসী ছাত্রলীগ নেতা সুয়াইফুর রহমান মুয়াইমিনের বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে। বিএনপি’র নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গতকাল বিকেল ৩টার দিকে কুলাউড়া থানার কুলাউড়া ইউনিয়নের প্রতাবী গ্রামে সুয়াইফুর রহমান মুয়াইমিনের বাড়িতে এ হামলা চালানো হয়। সুয়াইফুর রহমান মুয়াইমিন কুলাউড়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক লাইব্রেরী সম্পাদক এবং জবেদ মিয়ার পুত্র। হামলাকারীরা মিছিল নিয়ে এসে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে।
এলাকাবাসী জানান, স্থানীয় বিএনপি’র অন্তত ২৫/৩০ জন কর্মী মিছিল সহকারে লাঠিসোটা নিয়ে গেট ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা সুয়াইফুর রহমান মুয়াইমিনকে খুঁজতে থাকে। মুয়াইমিন বাড়িতে নেই জানালে হামলাকারীরা ঘরে ঢুকে ভাঙচুর করে। এতে মুয়াইমিনের পিতা বাধা দিলে বিএনপি’র উশৃঙ্খল নেতাকর্মীরা তাকে টেনে হিচড়ে ঘর থেকে বের করে এনে মারধর করে।
এ বিষয়ে সুয়াইফুর রহমান মুয়াইমিনের পিতা জবেদ মিয়া অভিযোগ করেন, ‘গত ১২/০২/২০২৬ইং তারিখে অনুষ্ঠিত নির্বাচনের পর ব্যক্তিগত শত্রুতার কারণে স্থানীয় বিএনপি নেতা সুয়াইফুর রহমান মুয়াইমিনের শ্বশুর নূর আলীর প্রত্যক্ষ ও পরোক্ষ উস্কানী ও সহযোগীতায় স্থানীয় বিএনপি’র নেতাকর্মিরা এ হামলা চালায়। গতকাল বিকেল ৩টার দিকে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা বাড়িতে ঢুকে হামলা ও ভাংচুর করেছে। এতে অন্তত ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীরা তাৎক্ষণিক সুয়াইফুর রহমান মুয়াইমিনকে বাসায় পেলে প্রাণে হত্যা করতো। এমন পরিকল্পনা নিয়েই বিএনপি’র ক্যাডাররা তার বাসায় হামলা চালিয়েছে। আওয়ামী সরকার পতনের অনেক আগে মুয়াইমিন যুক্তরাজ্যে চলে যায় এবং বর্তমানে সুয়াইফুর রহমান মুয়াইমিনের বড় ভাই আক্তারুজ্জামান লিটন পুলিশের হয়রানী ও বিএনপি’র ক্যাডারদের ভয়ে আত্মগোপনে আছেন। তিনি আরও অভিযোগ করেন একদিকে অভিযানের নামে বাড়িতে পুলিশের ঘন ঘন তল্লাশি, অন্যদিকে বিএনপি-ছাত্রশিবির ক্যাডারদের হামলা ও নির্যাতনে দুর্বিসহ হয়ে উঠেছে তাদের জীবন। হামলার বিষয়ে থানায় অভিযোগ দিতে চাইলে পুলিশ তাকে ফিরিয়ে দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে বলেন, এটি রাজনৈতিক বিষয়, আপনার ছেলে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলী ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই ্আপনাকে কোন ধরনের সহযোগিতা করা যাবে না। আপনার ছেলেকে আমাদের হাতে তুলে দিন। ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ রয়েছে। যেখানেই পাওয়া যায়, তাদেরকে আটক করা হচ্ছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলা ও ভাংচুরের খবর পেয়ে প্রতাবী গ্রামে পুলিশের একটি টিম পাঠনো হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন