বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ফেসবুকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ছবি ভাইরাল হওয়ার ঘটনায় মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী কাজী মাহমুদ আহমদ নাবিলকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে ছাত্রদল।
বুধবার (১৮ মার্চ) সকালে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম।
তিনি বলেন, গত ১৪ মার্চ ফেসবুকে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে নাবিলের ৩-৪টি ছবি ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের তৃণমূল ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ কারণে নাবিলকে আগামী তিনদিনের মধ্যে এর ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।