ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বড়লেখায় সাবেক শিবির নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

sylhet24hours.com
প্রকাশিত 29 May, Friday, 2026
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বড়লেখায় সাবেক শিবির নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

জুবের আহমদের মাকে মারধর করছে কয়েকজন হামলাকারী। ইনসেটে হামলায় আহত তার পিতা।


বড়লেখা প্রতিনিধি: ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাবিজুরীপার গ্রামে সাবেক ছাত্রশিবির নেতা জুবের আহমদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মে রাত প্রায় ১০টার দিকে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫/২০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুবের আহমদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলার নেতৃত্বে দেন স্থানীয় বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতা।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করা হয় এবং টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলা হয়। বাধা দিতে গেলে জুবের আহমদের বৃদ্ধ পিতা ওসমান আলীকে মারধর করা হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। তাঁর মাকেও শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে।
জুবের আহমদের পিতা ওসমান আলী অভিযোগ করেন, হামলাকারীরা ধামকি দিয়ে বলেছে, ‘তোর পুত্র ফেইসবুকে বিএনপি তথা সরকারবিরোধি উস্কানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছে। সাহস থাকলে তাকে বল আমাদেরকে সারাসরি মোকাবেলা করতে। সে যদি ফেসবুকে লেখালেখি বন্ধ না করে তবে পরিণতি খুবই খারাপ হবে। বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়া হবে।’
স্থানীয় এলাকাবাসী জানান, হামলার সময় ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে বাড়িতে প্রবেশ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতংকের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন