কুলাউড়ায় ছাত্রলীগ নেতা সাহানের বাড়িতে বিএনপি ও জামায়াতের হামলা

sylhet24hours.com
প্রকাশিত 21 August, Wednesday, 2024
কুলাউড়ায় ছাত্রলীগ নেতা সাহানের বাড়িতে বিএনপি ও জামায়াতের হামলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির সাহানের বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে পৌর শহরের উত্তরবাজার এলাকায় এ হামলায় সাহানের বাবা মো. মনজিল হোসেন গুরুতর আহত হয়েছেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি সাহানের বাড়িতে এসে তাকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তারা বাড়িতে ভাঙচুর ও হামলা চালায়। এ সময় সাহানের বাবাসহ পরিবারের সদস্যদের ওপর হামলা ও হেনস্থা করা হয়। পরে স্থানীয়রা আহত মনজিল হোসেনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী জাবেদ, কাইয়ুম ও ফরহাদসহ কয়েকজন বলেন, হামলাকারীরা বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মী। নির্বাচন ও রাজনৈতিক কারণে এ ঘটনার ঘটে থাকতে পারে। সাহানের বয়োবৃদ্ধ বাবার ওপর এ হামলা করা উচিত হয়নি।
মুঠোফোনে কথা হলে আহত মনজিল হোসেন বলেন, আমার ছেলে দেশে থাকতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ২০১৯ সালে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীও ছিলো। তবে সে পাঁচ বছর আগে লন্ডনে চলে গেছে। তারপরও ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিএনপি-জামায়াতপন্থীরা আমাদের লাগাতার হুমকি দিয়ে আসছে। এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছি।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন